এসএসসি পরীক্ষা দিচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী সুমোরানী ও সুফলা

চোখে আলো নেই, তাতে কি! মনের আলো জ্বালিয়ে এবারের এস এস সি পরীক্ষা দিচ্ছে সুমোরানী টপ্প ও সুফলা মিনজী। দু’জনেই জয়পুরহাট শহরের খনজনপুর মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। 
 
অদম্য ইচ্ছাশক্তি নিয়ে প্রবিন্ধীতাকে জয় করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তারা।  
 
এর আগে জে এস সি পরীক্ষায় অংশ নিয়ে সুমোরানী টপ্প পান জিপিএ- ৫ এবং সুফলা মিনজী পেয়েছে জিপিএ-৪। পি এস সি’তেও তারা ভাল ফলাফল করেছে বলে জানায়। 
 
সদরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে  একটি  আলাদা কক্ষে তাদের পরীক্ষা নেয়ার ব্যবস্থা করেছে কেন্দ্র কর্তৃপক্ষ। প্রতিবন্ধীদের জন্য নিয়ম অনুযায়ী পরীক্ষায় অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হয়েছে বলে জানান কেন্দ্র সচিব মো: নওশাদ আলী মিয়া। 
 
সুমোরানী টপ্পকে শ্রুতি লেখক হিসাবে সহযোগিতা করছেন হরতকিডাঙ্গা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র শামীম হোসেন এবং সুফলা মিনজীকে শ্রুতি লেখক হিসাবে সহযোগিতা করছেন একই বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী রুনা আকতার। 
 
প্রশ্নের ধরন দেখার সুযোগ না হলেও  প্রথম দিন বাংলা প্রশ্ন কেমন হয়েছে জিজ্ঞাসা করতেই মুখ ভরা হাসি নিয়ে দু’জনেই বললেন ভাল হয়েছে।  
 
পিতা-মাতার আদর স্নেহ, শিক্ষকদের সহযোগিতা ও অদম্য মনোবল তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানান সুমোরানী ও সুফলা। 
 
শিশু শ্রেণী থেকে খনজনপুর মিশন চক্ষু সামাজিক পরিচর্যা কেন্দ্রের তত্বাবধানে চলছে তাদের ফ্রি থাকা, খাওয়া ও শিক্ষা কার্যক্রম। ওই বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক রুৎকল্যানী বিশ্বাস জলি বলেন, ব্রেইল পদ্ধতিতে তাদের শেখানো হয়ে থাকে।
 
ইত্তেফাক/এএন