নরসিংদী শহরের দত্তপাড়ার শীর্ষ সন্ত্রাসী সাদেক, মাসুম ও সাত্তার গ্রেফতার হয়েছে। বুধবার রাত ১০টার দিকে নরসিংদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩ রাউন্ড গুলিসহ ১টি রিভলভার, ১৬ রাউন্ড শটগানের গুলি, ২ রাউন্ড পিস্তলের গুলি ও ৬১ বোতল ফেন্সিডিল।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানার এসআই মোস্তাক আহম্মেদ পুলিশ নিয়ে দত্তপাড়া এলাকা ঘেরাও করে। এসময় তারা তল্লাশি চালিয়ে সাদেক, মাসুম ও সাত্তার নামে তিন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী উল্লেখিত অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা শহরের শীর্ষ সন্ত্রাসী পারভেজ ও বাবু বাহিনীর সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে নরসিংদী মডেল থানায় আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এমআই