গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী সেই ভ্যানচালক ইমাম শেখ বাংলাদেশ বিমানবাহিনীর বেকারিতে অস্থায়ী ভিত্তিতে কাজ শুরু করেছেন।
ইমাম শেখ বুধবার সকালে বিমানবাহিনীর যশোর ঘাঁটির ফ্যালকন বেকারিতে ‘সরবরাহকারী’ হিসেবে যোগ দিয়েছেন। এখানে মাসিক বেতন পাবেন ৭ হাজার ৯৮৪ টাকা। তিনি টুঙ্গিপাড়া উপজেলা সদরের সরদাপাড়া গ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে।
ইমাম শেখ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, মঙ্গলবার অস্থায়ী নিয়োগ পাওয়ার পর সকালে তিনি বাংলাদেশ বিমানবাহিনীর বেকারিতে যোগদান করেন। বেকারিতে তৈরী সামগ্রী বাহিনীর নিজস্ব দোকানগুলোতে সরবরাহ করবেন। টাকা বুঝে নিতে হবে। আপতত অস্থায়ী ভিত্তিতে তার চাকরি হয়েছে। পরে চাকরি স্থায়ী হবে বলে তিনি আশ্বাস পেয়েছেন।
বিমানবাহিনীর যশোর ঘাঁটির ফ্যালকন বেকারি ইনচার্জ ওয়ারেন্ট অফিসার আব্দুল হাই বলেন, ইমামের বেকারিতে অস্থায়ী ভিত্তিতে ‘সরবরাহকারী’ হিসেবে চাকরি হয়েছে। সে বুধবার চাকরিতে যোগদান করেছে।
ইমাম শেখ বলেন, গত ২৭ জানুয়ারি টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী নাতি-নাতনি ও পরিবারের সদস্যদের নিয়ে আমার ভ্যানে চড়েন। এ সময় সংকচে তার কাছে চাকরি চাইতে পারিনি। কিন্তু আমার প্রত্যাশা ছিল একটি চাকরি পাওয়ার। মিডিয়ায় এ ব্যাপারে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ দেখে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ২৯ জানুয়ারি বিমান বাহিনীর কর্মকর্তারা আমাকে টুঙ্গিপাড়া থেকে যশোর নিয়ে আসেন। ৩১ জানুয়ারি বিমান বাহিনীর বেকারিতে অস্থায়ী ভিত্তিতে আমাকে নিয়োগ দেয়া হয়।