চ্যাপেল-হ্যাডলি সিরিজের দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত

নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ান মধ্যকার চ্যাপেল-হ্যাডলি সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বৃহস্পতিবার ভেজা আউটফিল্ডের কারনে পরিত্যক্ত হয়ে গেছে।  
 
রবিবার  হ্যামিল্টনে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ৬ রানে জয়ী হয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে।
 
নেপিয়ারের ম্যাকলিন পার্কে বৃষ্টি বিঘ্নিত দিনে ম্যাচের টস হতেই বেশ বিলম্ব হয়। কিন্তু টস হবার পরেও পাঁচবার ম্যাচ পরিচালনাকারী দুই আম্পায়ার নিউজিল্যান্ডের ক্রিস ব্রাউন ও শ্রীলংকার কুমার ধর্মাসেনা মাঠ পরিদর্শন করে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেন।
 
এক পর্যায়ে অবশ্য ওভার কমিয়ে ৩৭ ওভার করে ম্যাচ পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু উইকেটের অপর পাশে মাঠ ভেজা থাকায় তা আর সম্ভব হয়নি।  
 
খেলোয়াড়দের ইনজুরির বিষয়টি বিবেচনা করে ও শেষ পর্যন্ত স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় আবারো বৃষ্টি শুরু হলে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়। এক সময় ২০ ওভারের ম্যাচের কথাও চিন্তা করা হয়েছিল। কিন্তু সন্ধ্যার বৃষ্টিতে একটি বলও মাঠে গড়ানো সম্ভব নয় বিধায় ম্যাচটি বাতিল করতে বাধ্য হন আম্পায়াররা। বাসস
 
ইত্তেফাক/এএসএমইউ