নীলফামারীর জলঢাকায় উপজেলা পরিষদ শূন্য হয়ে যাওয়া ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচন আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হবে। বুধবার রাতে নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে এ তারিখ নির্ধারণ করা হয়।
তফসিলের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার মুহ. রাশেদুল হক প্রধান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী।
নিম্নবর্ণিত তফসিলে ৯ ফেব্রুয়ারি রিটার্নিং অফিসার বরাবরে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। ১০ ফেব্রুয়ারি যাচাই বাছাই এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ ফেব্রুয়ারি উল্লেখ করা হয়।
ভোট গ্রহনের তারিখ ৬ মার্চ। উল্লেখ্য, গত পৌরসভা নির্বাচনে ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর ইস্তফা দিয়ে মেয়র পদে নির্বাচন করায় ভাইস চেয়ারম্যান পদটি শূন্য হয়।
উপজেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম বলেন, এবারে ভাইস চেয়ারম্যান পদটি দলীয় প্রতীকের ভিত্তিতে নির্বাচন হবে। তিনি আরও জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ মার্চ উপজেলার ৮৩টি কেন্দ্রে একযোগ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/এএন