তারকাবিহীন ডেভিস কাপে উজ্জ্বল নক্ষত্র জকোভিচ, কিরগিওস

চলতি বছরের ডেভিস কাপে শীর্ষ ১৫ জন খেলোয়াড়ের মধ্যে নোভাক জকোভিচই একমাত্র উজ্জ্বল নক্ষত্র হয়ে অংশগ্রহণ করছেন। তারকাবিহীন এবারের আসরে জকোভিচ ছাড়াও অস্ট্রেলিয়ান নিক কিরগিওসকে নিয়েও আশাবাদী হয়ে উঠছেন আয়োজক কর্তৃপক্ষ। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে একটু আগেভাগেই বিদায় নিয়ে এই দুজনেই সমর্থকদের হতাশ করেছিলেন। এবার সেই হতাশা কাটিয়ে সামনে এগিয়ে যাবার সুযোগ জকোভিচ ও কিরগিওসের সামনে।
 
এরই মধ্যেই বিশ্বের এক নম্বর তারকা এন্ডি মারে ডেভিস কাপে বৃটিশ দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। ডেভিস কাপের শুরুতেই ট্রান্স-আটলান্টিক প্রতিযোগিতার অংশ হিসেবে অটোয়া সফরে মারেতো থাকছেন না। কানাডাও তাদের শীর্ষ তারকা মিলোস রাওনিকেকে ছাড়াই কোর্টে নামবে। 
 
এদিকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুইজারল্যান্ডের দলে থাকছেন না অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী রজার ফেদেরার ও বিশ্বের তিন নম্বর খেলোয়াড় স্ট্যান ওয়ারিঙ্কা। ক্রোয়েশিয়ার বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচে বিশ্রামে থাকছেন ফেদেরারের কাছে মেলবোর্নে পরাজিত রাফায়েল নাদাল। ক্রোয়েট দলে থাকছেন না মারিন সিলিচ। অন্যদিকে জাপান বনাম ফ্রান্সের মোকাবেলায় কোর্টে দেখা যাবে কেই নিশিকোরি, গায়েল মনফিলস ও জো-উইলফ্রিড টিসোঙ্গার মত তারকাদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে চেক রিপাবলিক দলে থাকছেন না টমাস বার্ডিচ। জার্মানীর বিপক্ষে খেলছেন বেলজিয়ামের ডেভিড গফিন। ইতালির বিপক্ষে ঘরের মাঠে থাকছেন না বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হুয়ান মার্টিন ডেল পোত্রো। 
 
এতসব তারকাদের অনুপস্থিতিতে ১১৭ বছরের পুরনো টুর্নামেন্ট এই প্রথমবারের মতো বর্ণহীন বলেই মনে করছেন আয়োজকরা। গ্র্যান্ড স্ল্যামের তারকা সব প্রতিপক্ষদের অনুপস্থিতিতেও জকোভিচ অবশ্য মোটেই আত্মবিশ্বাসে ভুগছেন না। সার্বিয়ান এই তারকা বলেন, ঘনিষ্ঠ সব বন্ধুদের সাথে দেশের হয়ে খেলতে পারার বিষয়টা আমি সবসময়ই বেশ উপভোগ করি। আরা যখনই একসাথে হই সেই মুহূর্তটা আমার জন্য খুব বিশেষ কিছু। রাশিয়া তরুণ দল হলেও আমরা মোটেই তাদের খাটো করে দেখছি না। 
 
২০০৬ সালে সর্বশেষ ডেভিস কাপের শিরোপা জিতেছিল রাশিয়া। এবারের দলে তাদের নেতৃত্ব দিচ্ছেন বিশ্বের ৫২ নম্বর র‌্যাঙ্কধারী কারেন কাচনোভ। এই ম্যাচে জিততে পারলে কোয়ার্টার ফাইনালে সার্বিয়ার প্রতিপক্ষ পাঁচবারের বিজয়ী স্পেন কিংবা ২০০৫ সালের চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়ার মধ্যে যেকোন একটি দল। 
 
২৮ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বিশ্বের ১৫ নম্বর খেলোয়াড় কিরগিওসকে নিয়ে দারুন আশাবাদী। চেকদের বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কিছুই তারা চিন্তা করছে না। বাসস
 
ইত্তেফাক/এএসএমইউ