খাগড়াছড়ি মেয়রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে আদালত। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীর ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় এ পরোয়ানা জারি করা হয়।
 
বৃহস্পতিবার অন্তবর্তীকালীন জামিন শেষে আদালতে হাজির হওয়ার দিনেও অনুপস্থিত থাকায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবু সুফিয়ান মো: নোমানের আদালত মোট ৮জনের নামে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। 
 
কোর্ট ইন্সপেক্টর সফিকুল ইসলাম জানান, আসামিরা অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। কিন্তু গতকাল আদালতে হাজিরা না দিয়ে সময়ের আবেদন জানালে আদালত তা খারিজ করে দিয়ে গ্রেফতারি পরোয়ারা জারি করেন। 
 
গত ১৯ জানুয়ারি দুপুরে জেলা শহরের কলেজ সড়কে মেয়র রফিকুলের নেতৃত্বে ক্যাডারদের হামলায় গুরুতর আহত হন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক নির্মলেন্দু চৌধুরী। 
 
ওইদিন রাতে মেয়র রফিকুল আলম ও তার বড় ভাই জেলা আওয়ামী লীগের সাময়িক বহিস্কৃত সাধারণ সম্পাদক জাহেদুল আলমসহ ৩৮জনের নামে মামলা দায়ের করেন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন।
 
ইত্তেফাক/এএন