ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
গত বুধবার রাত ১০টায় ভাটিয়ারী বানুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন, এজাহার মিয়ার পুত্র রাকিব (২৫),মোহাম্মদ সৈয়দের পুত্র জাবেদ (৩০) ও মৃত মোসলেমের পুত্র নয়ন (২৬)। নিহত তিন জনের বাড়ি সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফকিরহাটস্থ ফকিরপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামূখী একটি কাভার্ড ভ্যান (চট্ট মেট্টো-ট-১১-৫৭৩০) সীতাকুণ্ডের বানুর বাজার এলাকা অতিক্রমকালে একইমুখী একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়।
এ সময় মোটরসাইকেলটি সামনে থাকা অপর একটি কাভার্ডভ্যানের নিচে ঢুকে যায়। এতে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলটি (চট্টমেট্টো-হ-১১-২৫৪৯) দুমড়ে মুুচড়ে ঘটনাস্থলে দুই আরোহী নিহত হয়। গুরুতর আহতবস্থায় অপর আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম জানান, 'দূর্ঘটনায় নিহত তিন যুবকের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকাবাসী ঘাতক কাভার্ডভ্যান চালক জসিম উদ্দিনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।'
ইত্তেফাক/এএন