রমিম রায়হান। দীর্ঘদিন ধরে এফএম রেডিও অ্যাডমিনিষ্ট্রেশন, মার্কেটিং থেকে শুরু করে ব্লকবাস্টার সিনেমাস এর সাথেও সম্পৃক্ততা তার। পুরোদস্তর মিডিয়া মার্কেটিং এর সাথে জড়িত অনেকদিন। বর্তমানে চলচ্চিত্রের বিশ্বময় মার্কেটিং প্রসঙ্গে কথা বলেছেন তিনি। বর্তমানে পেশাগত ভাবে দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান
জাজ মাল্টিমিডিয়ার আন্তর্জাতিক কনসাল্টেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। অনলাইন বিনোদন এর সাথে কথা বললেন চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে..
IMG0
জাজ মাল্টিমিডিয়ার এখন ব্যস্ততা কি নিয়ে চলছে?
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নুসরাত ফারিয়া এবং আরেফিন শুভ অভিনীত প্রেমী ও প্রেমী'। ১০ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সারাদেশে। আর ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে ১৭ ফেব্রুয়ারি। দেশের বাইরে ১৭ টি দেশে মুক্তি দেয়ার টার্গেট আমাদের।
দেশীয় চলচ্চিত্রের আন্তর্জাতিক বাজারজাত। বিষয়টা নিয়ে একটু বিস্তারিত বলুন-
এর আগেও কম বেশি আমাদের চলচ্চিত্র দেশের বাইরে প্রদর্শিত হয়েছে। কিন্তু সেগুলো হয়তো অনৈতিকভাবে ছিল। জাজ মাল্টিমিডিয়া লিগ্যালভাবে চলচ্চিত্রকে বাইরের দেশে বাণিজ্যিকভাবে প্রদর্শনের উদ্যোগ নিয়েছে। যেটা আমাদের চলচ্চিত্রের বাজারকে বিশ্ব দরবারে তুলে ধরবে।
IMG1
আমাদের চলচ্চিত্র যেসব দেশে মুক্তি পাচ্ছে সে দেশগুলোতে কি বাঁধার সম্মুখীন হতে হয়?
আমরা একটা নীতিতে বিশ্বাস করি ‘যেখানে বাঙালি সেখানেই বাংলা চলচ্চিত্র’। আর বাস্তব সত্য হলো বাইরের দেশগুলো ভিনদেশী চলচ্চিত্র মুক্তি নিয়ে কোন প্রতিক্রিয়া নেই, কারও কোন মাথা ব্যাথা নেই। শুধু ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির লোকজন একটু ঝামেলা করে। মালয়েশিয়াতে অগ্নি এবং শিকারি রিলিজ হয়েছে। অগ্নির চেয়ে
শিকারি বেশ প্রশংসিত। আমাদের বাংলা চলচ্চিত্রের একটা ভালো বাজার তৈরি হয়েছে। তাই আমাদের এবারের টার্গেট রয়েছে মালয়েশিয়ার ২০০-৩০০ টি হল। পাশাপাশি মধ্যপ্রাচ্যের ১৭ টি দেশ।
সিনেমার আন্তর্জাতিক বাজারে রেভিনিউ কেমন আসে?
রেভিনিউ বিষয়টা যদি বলি তাহলে বলবো আন্তর্জাতিকভাবে রেভিনিউয়ের পরিমান খুব আহামরি নয়। আমি বিশ্বাস করি, একটা সময় আমাদের দেশের চেয়ে খুব ভালো পরিমান রেভিনিউ আসবে চলচ্চিত্রের আন্তর্জাতিক বাজার থেকে। বলিউড, হলিউড চলচ্চিত্রগুলো এটার বড় প্রমান। আমাদের সিনেমার এখন রেভিনিউয়ের
চেয়ে সিনেমার আন্তর্জাতিক বাজার গড়ে উঠা জরুরি। আমাদের দেশের অধিকাংশ সিনেমার বাজেট কম। তাই অনেকে হয়তো আন্তর্জাতিক বাজারজাত করতে চায় না। কিন্তু আমি মনে করি বাজেট কখনো চলচ্চিত্র মূল্যায়নের প্যারামিটার হতে পারে না। তাই আমাদের সিনেমা ভালো হলেই সেটি আন্তর্জাতিক বাজারজাত করা উচিৎ।
IMG2
যৌথ প্রযোজনা নিয়ে অনেক অভিযোগ শোনা যায়। এই প্রসঙ্গে আপনার মতামত কি ?
এখানে নীতিমালার একটা ফাঁক দেখা যায়। কিন্তু জাজ সবসময় যৌথ প্রযোজনার চুক্তিতে তাদের দাবি দাওয়া, অগ্রাধিকার তুলে ধরে। সব শর্ত পুরণ করতে রাজি হলে তবেই আমরা চুক্তিবদ্ধ হই। জাজের সাথে কখনো অনিয়ম হয় নি কিন্তু অন্যান্য প্রতিষ্ঠান হয়তো এইরকম অনিয়মের শিকার। তাই আমিও চাই যৌথ প্রযোজনার একটা সঠিক-সুষ্ঠু নীতিমালা হোক।