বনানীর অগ্নিকাণ্ডে নিহত শিবগঞ্জের পলির দাফন সম্পন্ন

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফ্লোরিডা খানম পলির দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে তার মরদেহ ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাড়িতে নিয়ে আসা হয়। এরপর বিকেল সাড়ে ৩টায় জগন্নাথপুর জামে মসজিদ প্রাঙ্গনে পলির জানাযা শেষে তার বাবা-মার কবরের পাশে তাকে দাফন করা হয়।

নিহত ফ্লোরিডা খানম পলি হল- শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের ইউসুফ উসমান মনুর স্ত্রী ও শিবগঞ্জ পৌর এলাকার মৃত আফজাল হোসেনের তৃতীয় মেয়ে। নিহত পলির স্বামী একটি বেসরকারি কোম্পানিতে ও পলি স্ক্যানওয়েল লজিস্ট্রিক লিমিটেডের বিভাগীয় প্রধান ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক সন্তান ফয়সাল ও স্বামী নিয়ে ঢাকার মিরপুরে বিয়ের পর থেকে স্থায়ীভাবে থাকতেন।

নিহতের বড় বোনের  মেয়ে ডা. ফাহিমা শামিম খুসবু বলেন, ‘খালার অফিসে আগুন লাগার খবর পাই। এরপর দুপুর দেড়টা পর্যন্ত খালার সঙ্গে যোগাযোগ রাখতে পারি। পরবর্তীতে  যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে আমি খালার মোবাইলে একটি ম্যাসেজ করে আমার মোবাইল নম্বর দিয়ে রাখি। পরবর্তীতে খালার মরদেহ সিএমএইচ হাসপাতালে নেওয়া হলে সেখানকার ডাক্তার ওই ম্যাসেজ দেখে আমার সঙ্গে যোগাযোগ করে মরদেহ শনাক্ত করে নিয়ে যেতে বলে। পরে খালার মরদেহ শনাক্ত করে গ্রামের বাড়িতে রওনা হই।

আরও পড়ুনঃ অলিম্পিক জোনের স্থান পরিদর্শন করলেন চিফ হুইপ লিটন ও এমপি নিক্সন চৌধুরী

এদিকে নিহতের মরদেহ দুপুর ১টার দিকে শিবগঞ্জে মায়ের বাড়িতে পৌঁছুলে পুরো এলাকা শোকে ভারী হয়ে যায়। স্থানীয়দের পাশাপাশি নিহতের স্বামী ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমরা ঢাকাকে আর লাশের নগরী হিসেবে দেখতে চাইনা। আমরা চাই আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে একটি বসবাস উপযোগী ঢাকা।’

ইত্তেফাক/নূহু