চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধ করাতকল এবং নকল ঘি তৈরির কারাখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের নেতৃত্বে অভিযান গুলো চালানো হয়।শনিবার দুপুরে চারিয়া এবং মনিয়া পুকুর পাড়া এলাকায় অবৈধ করাতকলে অভিযান চালানো হয়। অপরদিকে, শুক্রবার রাত ৯টার দিকে সদরের বাসস্ট্যান্ড এলাকার একটি ভবনে নকল ঘি তৈরির কারখানায় অভিযান চালায় ওই ভ্রাম্যমাণ আদালত।
সূত্রে জানা যায়, করাতকল (লাইসেন্স) বিধিমালা-২০১২ অনুযায়ী লাইসেন্স ছাড়া করাত কল স্থাপনের অপরাধে উল্লেখিত এলাকার পাঁচটি করাতকল মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা,কাঠ ও মেশিন জব্দ করা হয়।
নকল ঘি এবং তৈরির উপাদান।
অপর দিকে, সদরের বাসস্ট্যান্ড এলাকার আয়কর অফিসের পেছনে আরডি সুপার ফুড ফ্যাক্টরি নামে নকল ঘি তৈরির কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ওই কারখানায় নকল ঘি তৈরি করে বিভিন্ন নামীদামী ব্রান্ডের লোগো লাগিয়ে উপজেলার হাটে বাজের বিক্রি করে আসছিলেন কারখানাটির মালিক। অভিযানে ওই কারখানা থেকে ২৫০ লিটার ভেজাল ঘি জব্দ করা হয়।
আরো পড়ুন: এবার গুলশানে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ভবনে আগুন
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন অবৈধ করাতকল এবং নকল ঘি তৈরি কারাখানায় অভিযান নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/অনি