মানবসেতুতে জুতা পায়ে হাঁটায় মানবাধিকার কমিশন চেয়ারম্যানের নিন্দা

চাঁদপুরের হাইমচর উপজেলায় একটি বিদ্যালয়ে ছাত্রদের তৈরি মানবসেতুর ওপর দিয়ে জুতা পায়ে উপজেলা চেয়ারম্যানের হেঁটে যাওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দর্শন বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এই নিন্দা জানান। অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
 
কাজী রিয়াজুল হক বলেন, ‘ঘটনাটি ন্যক্কারজনক এবং শিশু অধিকার লঙ্ঘন। বিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষকদের দ্বারা এমন কাজ কোনভাবেই গ্রহণযোগ্য নয়। মানবাধিকারের সঠিক জ্ঞান ও সচেতনতার অভাব এ ক্ষেত্রে দৃশ্যমান। তাই শিক্ষকদের নিজেদের মানবাধিকারের জ্ঞান লাভ এবং মানবাধিকার শিক্ষার প্রচার করতে হবে।’
 
তিনি বলেন, ‘মানবাধিকার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে শিক্ষকদের সহযোগিতা সবার আগে প্রয়োজন।’ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সন্ত্রাসমুক্ত ও সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষকদের এগিয়ে আসারও আহ্বান জানান। -বাসস।
 
ইত্তেফাক/এমআই