নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী ১০ বছরের মধ্যে ঢাকার নৌ পথ পুরানো অবয়বে ফিরিয়ে আনা হবে। তিনি আজ শনিবার রাজধানীতে নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
নদী ‘দুষণ, দখল মুক্ত করি, নৌ যাত্রা নিরাপদ করি, বিশ্বমানের নৌ ব্যবস্থার স্বপ্ন সফল করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৯’ এর উদ্বোধনী ঘোষণা করেন তিনি।
এ উপলক্ষে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে একটি নৌ র্যালি বের হয়। নৌপরিবহন অধিদপ্তরের মহাপিরচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নুরুল হক সুন্দরবন লঞ্চের মালিক সাইদুর রহমান রিন্টু এবং নৌপরিবহন অধিদফতরের চীফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার মো. মঞ্জুরুল কবীর।
আরও পড়ুন: গুলশানে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি
প্রতিমন্ত্রী বলেন, নৌপরিবহন ব্যবস্থাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে। আগামী ১০ বছরের মধ্যে ঢাকার নৌপথকে পুরাতন অবয়বে ফিরিয়ে আনা হবে। নদী তীরের দখল ও দূষণরোধ করে নদীর সুন্দর পরিবেশ ফিরিয়ে আনা হবে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আবহমান বাংলাদেশকে রক্ষা করতে হলে নদীর সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এলক্ষ্যে নদীর সঙ্গে সম্পৃক্ত জনগণ, নৌযান মালিক, শ্রমিক ও সংশ্লিষ্টদের সকলকে আরও বেশি সচেতন হতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, নদী খননে গত ১০ বছরে সরকার অনেক কাজ করেছে। নতুন নতুন ড্রেজার সংগ্রহ করা হয়েছে, আরও ড্রেজার সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।
ইত্তেফাক/এমআই