এ সময়ের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। আসছে ভালোবাসা দিবসের নাটক নিয়ে চলছে তার চলতি সময়ের ব্যস্ততা।
আগামী ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় আরটিভির পর্দায় দেখা যাবে জাকারিয়া শৌখিনের রচনা ও পরিচালনায় ‘তোমাকে আসতেই হবে’ নাটকে। নাটকটিতে তৌসিফ অভিনয় করেছেন সাব্বির চরিত্রে এবং সাফা অভিনয় করেছেন জোয়ানা চরিত্রে।
প্রথম দেখাতেই সাব্বির জোয়ানার প্রেমে পড়ে। কিন্তু জোয়ানা কোনো কারণে সাব্বিরকে এড়িয়ে চলে। কিন্তু শেষতক জোয়ানাকে আসতেই হয় কি-না তা দেখতে ১৩ ফেব্রুয়ারি চোখ রাখতে হবে আরটিভির পর্দায়।
নাটকটিতে অভিনয় এবং সাফার সঙ্গে বন্ধুত্ব প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘সাফা আমার খুব ভালো একজন বন্ধু। সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে সাফা অভিনয়ে অতুলনীয়। তার সঙ্গে সবসময়ই আমি অভিনয় দারুণ উপভোগ করি। শৌখিন ভাইয়ের নাটকের গল্পটা খুব চমত্কার। আমরা দু’জনেই বেশ আগ্রহ নিয়ে কাজটি করেছি। আশা করি ভালো লাগবে দর্শকের।’
ইত্তেফাক/এমএআর