পিরোজপুরের কাউখালী মহাবিদ্যালয়ের এক ছাত্রীর ওপর হামলার দায়ে রাজু শেখ (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
কাউখালী থানার ওসি মনিরুজ্জামান জানান, শুক্রবার রাতে কাউখালীর দাশেরকাঠী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজু ওই গ্রামের মোজাম্মেল শেখের ছেলে।
জানা গেছে, বখাটেদের হুমকিতে আতঙ্কিত হয়ে নিরাপত্তা চেয়ে ওই ছাত্রী গত ২৫ জানুয়ারি কাউখালী থানায় জিডি করে। কিন্তু এতেও তার শেষ রক্ষা হয়নি। এমনকি জিডি করে বাড়ি ফেরার পথে বখাটেদের নির্যাতনের শিকার হয় সে। বখাটেরা তাকে রড দিয়ে পিটিয়ে, শরীরের বিভিন্ন স্থানে কামড়ে গুরুতর জখম করলে সে অজ্ঞান হয়ে পড়ে বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চার দিন সেখানে থাকার পর অবস্থার অবনতি হলে গত ২৯ জানুয়ারি রবিবার তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়ের করেন। এরপর রাজুকে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/এসএস