হাতিয়ায় শিক্ষক ও ছাত্রী নির্যাতনকারীদের বিচার দাবিতে মানববন্ধন

গতকাল শনিবার বাংলাদেশ শিক্ষক সমিতি হাতিয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ে পৃথক পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শিক্ষকের ওপর হামলা ও ছাত্রী নির্যাতনকারীদের বিচার দাবিতে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক নেতারা তাঁদের বক্তব্যে জানান, গত ২৮ জানুয়ারি হাতিয়া উপজেলার চরকিং বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ফখরুল ইসলাম কাজলকে প্রকাশ্যে লাঞ্ছিত করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। কিন্তু এখন পর্যন্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাই তাঁরা অবিলম্বে শিক্ষক লাঞ্ছনাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করেন।অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন।

অন্যদিকে, গত ৩০ ডিসেম্বর এ এম উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের গেইট থেকে অপহরণ করে নিয়ে শারীরিক নির্যাতন করে অজ্ঞান অবস্থায় ফেলে যায় বখাটেরা। পরবর্তীতে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় জাকের নামের এক বখাটেকে গ্রেপ্তার করলেও মামলার অপর আসামিদের গ্রেপ্তার করা হয়নি।

মানববন্ধনে ছাত্রী নির্যাতন মামলার আসামিদেরও গ্রেপ্তারের দাবি জানানো হয়।

ইত্তেফাক/এএন