রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন। তার নাম জাহাঙ্গীর আলম (৪৫)। তিনি পেশায় একজন দিনমজুর। শনিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে রাসেল জানান, তাদের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামে। বর্তমানে তারা মোহাম্মদপুর বছিলার একটি বস্তিতে থাকেন। তার বাবা জাহাঙ্গীর আলম দিনমজুরের কাজ করতেন।
তিনি আরো জানান, আজ সকালে জাহাঙ্গীর আলম কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। তিনি বছিলায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনায় পুলিশ ঘাতক বাসটি আটক করতে পারেনি। বাস চালকও পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ইত্তেফাক/এমআই