পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে ব্রাজিল ও বার্সেলোনার নেইমার অনেক ভাল খেলোয়াড় বলে মন্তব্য করলেন কিংবদন্তি ফুটবলার পেলে।
ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জয়ী খেলোয়াড় পেলে বলেন, ‘টেকনিক্যালি রোনালদোর চেয়ে অনেক উচ্চতর খেলোয়াড় নেইমার। তবে নেইমারের হেডে সমস্যা রয়েছে। এখানে রোনালদো ভালো।’
গত ৯ বছর ধরে ফুটবল বিশ্বে শ্রেষ্ঠত্বের লড়াইটা মেসি ও রোনালদোর মধ্যেই সীমাবদ্ধ। ব্যালন ডি’অরের পুরস্কার তেমনই বলছে। মেসি পাঁচবার ও রোনালদোর চারবার ব্যালন ডি’অর জয় করেন। সর্বশেষ ব্যালন ডি’অরের মালিক রোনালদোই। তবে রোনালদোর চেয়ে নিজ দেশের অধিনায়ক নেইমারকেই অনেক বেশি ভাল ফুটবলার বললেন ব্রাজিলের কিংবদন্তি পেলে, ‘মাঠের পারফরমেন্সে রোনালদোর চেয়ে অনেক ভাল ফুটবলার নেইমার। পাসিং, গোলের জন্য বল যোগান দেয়া সবকিছুতেই সেরা নেইমার। ভবিষ্যতে আরো বড় খেলোয়াড় হবে সে। ’
সবদিক দিয়ে ভাল হলেও একদিক দিয়ে রোনালদোর চেয়ে পিছিয়ে নেইমার। আর তা হল হেডে। এমনটাও মন্তব্য করেন ব্রাজিলের হয়ে ৯১ ম্যাচে ৭৭ গোল করা পেলে, ‘নেইমারের একটিই সমস্যা, হেডে। নেইমারকে হেড দিয়ে গোল করতে দেখা যায় না। তাই এদিক দিয়ে রোনালদোর থেকে পিছিয়ে নেইমার। তারপরও নেইমারের চেয়ে এগিয়ে নয় রোনালদো।’
পেলের এমন উক্তিতে উৎসাহী হয়ে হয়তো দ্রুত সেরা ফর্মে ফিরে আসবেন নেইমার। এতে বার্সেলোনার উপকারই হবে সবচেয়ে বেশি। কারণ লা লীগায় পয়েন্টের পার্থক্যে রিয়ালের চেয়ে ১ ম্যাচ বেশি খেলে চার পয়েন্টে পিছিয়ে বার্সেলোনা। বাসস
ইত্তেফাক/এএসএমইউ/ইউবি