ভারতের পাঁচরাজ্যের মধ্যে শনিবার গোয়া ও পাঞ্জাবে বিধানসভার ভোট শুরু হয়। প্রথম আট ঘণ্টায় গোয়ায় ৬৭ শতাংশ ভোট পড়ে। পাঞ্জাবে পড়ে ৪৮ শতাংশ ভোট। আজ সকাল আটটায় পাঞ্জাবে ভোট গ্রহণ শুরু হয়। মাজিথা আসনের কয়েকটি বুথে ইভিএম মেশিনে ত্রুটির কারণে সাময়িকভাবে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। নোট বাতিল পরবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য একে বড় ধরনের পরীক্ষা বলে বিবেচনা করা হচ্ছে। খবর এনডিটিভি’র।
পাঞ্জাব এবং গোয়া এই দুই রাজ্যেই বিজেপি ক্ষমতায় রয়েছে। এর মধ্যে পাঞ্জাবে অকালি দলের সঙ্গে জোট রয়েছে বিজেপির। প্রাক-নির্বাচনী সমীক্ষায় গোয়ায় শাসক দল এগিয়ে থাকলেও পাঞ্জাবে ক্ষমতা বদলানোর সম্ভাবনা প্রবল। পাঁচ রাজ্যের সবস্থানে এ মাসেই ভোট শুরু হবে এবং তা চলবে মার্চ পর্যন্ত। উত্তর প্রদেশ, উত্তরাখন্ড ও মনিপুরে আগামী সপ্তাহে শুরু হবে। ভোট গণনা করা হবে ১১ মার্চ। এর মধ্যে পাঞ্জাব এবং গোয়ায় একক পর্যায়ে ভোট। বাকিগুলো কয়েকটি ধাপে হবে। পাঞ্জাবের আসন হচ্ছে ১১৭ আর গোয়ায় ৪০। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালে ওই দুই রাজ্যের বাসিন্দাদের রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার আহ্বান জানান টুইটারে।
ইত্তেফাক/এমআই