শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে শিক্ষাক্ষেত্রে ব্যাপক গুরুত্ব দেন। একটি সরকারের দায়িত্ব থাকে সে দেশের প্রতিটি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিশ্চয়তা প্রদান করা। সে দিকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। প্রতি ক্ষেত্রেই তিনি আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছেন।
আমু বলেন, আজ আমাদের দেশে শিক্ষিতের হার ৭৮ শতাংশে উত্তীর্ণ হয়েছে। আমাদের সরকার প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বই বিতরণসহ গ্রাম পর্যায়ে কম্পিউটার ল্যাপটপ ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করছে। যে কারণে আমাদের দেশের কোনো শিশু এখন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে না।
শনিবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার মানপাশা শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সহ-সভাপতি খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম ইকবাল, প্রধান শিক্ষক মো. আবুবক্কর সিকদার। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ইত্তেফাক/এএন/ইউবি