আওয়ামী লীগের দুটি গ্রুপের সংঘর্ষে সিরাজগঞ্জে গুলিবিদ্ধ হয়ে দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি আবদুল হাকিম শিমুলের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছে সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে)।
শুক্রবার ওয়াশিংটন ডিসি থেকে সিপিজে’র এক বিবৃতিতে বলা হয়েছে, শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় সরকারকে বলিষ্ঠভাবে তদন্ত করে দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে। সিপিজে’র এশীয় কর্মসূচির সমন্বয়ক স্টিভেন বাটলার বলেন, অনেক মানুষের সামনে গোলাগুলির ঘটনা ঘটে এবং পুলিশ অস্ত্রটি উদ্ধার করেছে। একইসঙ্গে অস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তিকে চিহ্নিত করেছে। তাই দুষ্কৃতিকারীকে বিচারের মুখোমুখি করতে ব্যর্থ হওয়ার কোনো অজুহাত দেখানোর সুযোগ নেই। সিপিজে’র বিবৃতিতে বলা হয়েছে, ১৯৯২ সালের পর থেকে বাংলাদেশে দায়িত্ব পালনকালে কমপক্ষে ২০ জন সাংবাদিক নিহত হয়েছেন।
অন্যদিকে আইএফজে রাজনৈতিক সহিংসতায় সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দুষ্কৃতিকারীদের আটক করে দ্রুত বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। তারা বলেছে, চলতি বছরে বাংলাদেশে দায়িত্ব পালনকালে শিমুল প্রথম নিহত হলেন। ২০১১ সাল থেকে এ নিয়ে ১০ জন সাংবাদিক নিহত হয়েছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় মাথায় গুলিবিদ্ধ হন শিমুল। গুরুতর আহত অবস্থায় তাঁকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছিল। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়। এই খবর শুনে তাঁর নানী রোকেয়া বেগম অসুস্থ হয়ে মারা যান।
ইত্তেফাক/এমআই