প্রকাশিত হলো প্রিয়াংকার ‘নিমন্ত্রণ’

 
বিশ্ব ভালোবাসা দিসবকে সামনে রেখে গত ৩ ফেব্রুয়ারি বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে কণ্ঠশিল্পী প্রিয়াংকার প্রথম একক অডিও অ্যালবাম ‘নিমন্ত্রণ’র মোড়ক উন্মোচন ও একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক শেখ সাদী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা নজরুল সঙ্গীতশিল্পী ফাতেমাতুজ জোহরা, রবীন্দ্র সঙ্গীতশিল্পী ও বাংলাদেশ বেতারের পরিচালক কামাল আহমেদ প্রমূখ। আরো উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান একেএম আরিফুর রহমান।
 
প্রিয়াংকা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর আমার প্রথম একক অ্যালবাম প্রকাশিত হচ্ছে যেনে সত্যি খুবই ভালো লাগছে এবং দেশের শীর্ষ স্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন আমার এই অ্যালবাম প্রকাশ করছে, যার জন্য আমি খুবই গর্বিত ও আনন্দিত। 
 
অ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু ও মন। আমিনা নাজনিন ডানা, অনুপম বিশ্বাস ও আহমেদ বশির এর কথায় অ্যালবামটির সুর করেছেন নাজির মাহমুদ, আহমেদ বশির ও অনুপম বিশ্বাস। অ্যালবামটিতে ৩টি গানে দ্বৈতকন্ঠে শিল্পীর সাথে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ, বেলাল খান ও শিল্পীর বাবা বাবলা।
 
ইত্তেফাক/এমএআর