সাত খুন: পলাতক ফাঁসির আসামি মাগুরায় গ্রেফতার

 
নারায়ণগঞ্জে সাত খুন মামলার মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সেনাবাহিনীর চাকরিচ্যুত সার্জেন্ট এনামুল কবিরকে মাগুরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
এনামুলের  বাড়ি মাগুরা শালিখা উপজেলার কাতলী গ্রামে। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি।
 
আজ রবিবার বেলা ১০টার দিকে শহরের ভায়না মোড় এলাকা থেকে শালিখা ও সদর থানা পুলিশের যৌথ একটি দল এনামুলকে (৪০) গ্রেফতার করে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
 
পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে আসামি এনামুল কবিরকে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফিরোজ মামুনের আদালতে হাজির করে। আদালত তাকে মাগুরা জেলা কারাগারে পাঠানোর  নির্দেশ দিয়েছে।
 
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্করোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/কেকে