বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, স্মার্টকার্ড ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি নাগরিক সুবিধা প্রাপ্তিকে স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।
রবিবার সকালে রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাস কলেজে স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ঢাকা সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হামিদুল হক শামীমের হাতে স্মার্টকার্ড তুলে দিয়ে মন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করেন।
বিমান ও পর্যটনমন্ত্রী বলেন, স্মার্টকার্ড নাগরিকদের হয়রানি থেকে মুক্তি দেবে, সময় বাঁচাবে, অর্থের সাশ্রয় করবে এবং উন্নততর নাগরিক সেবা প্রাপ্তি সুনিশ্চিত করবে। এ কার্ড প্রতারণা ও ধোকাবাজি থেকে রক্ষা ও নাগরিকদের নানা জটিলতা ও ঝামেলা প্রশমন করবে। তাই প্রতিটি নাগরিককে স্মার্টকার্ড ব্যবহার ও সংরক্ষণ করতে হবে।
তিনি সুশৃঙ্খল কার্ড নিতে নাগরিকদের অনুরোধ জানিয়ে বলেন, এ কার্ডে কোন ক্রুটি বিচ্যুতি থাকলে তা পরবর্তীতে সংশোধন করে দেয়া হবে।
উল্লেখ্য, এই কার্ডে নারীদের ক্ষেত্রে স্বামীর নামের পরিবর্তে বাবার নাম ব্যবহার করা হয়েছে। বাসস
ইত্তেফাক/এসএমএমইউ/ইউবি