লিবিয়ার ত্রিপোলি উপকূল থেকে নারী ও শিশুসহ ১২০ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। শুক্রবার ত্রিপোলি থেকে ৭০ কিলোমিটার দূরে সাব্রাথা থেকে নৌকা নিয়ে রওনা দেয় অভিবাসীরা।
কোস্ট গার্ড জানায়, মাঝপথেই ইঞ্জিন বিকল হয়ে যায়। এএফপির এক চিত্রগ্রাহী জানান, ত্রিপোলির ২০ নটিক্যাল মাইল দূরে কোস্টগার্ড ওই নৌকা উদ্ধার করে। কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃতরা সবাই আফ্রিকান ছিলেন এবং তাদের মাঝে ১০ নারী ও শিশু ছিলো।
প্রতিনিয়ত লিবিয়া থেকে অবৈধভাবে নৌকায় করে ভূমধ্যসাগর পেরিয়ে ইতালির পথে যাত্রা করছেন বিপুল সংখ্যক মানুষ। ২০১৬ সালে এ পথ পাড়ি দিয়েছেন রেকর্ড সংখ্যক এক লাখ ৮১ হাজার শরণার্থী। এদের অধিকাংশই সমুদ্রযাত্রা করেছেন পাচারকারীদের ডিঙি নৌকায়। আর সাগর পাড়ি দিতে গিয়ে মৃত্যুবরণ করেছেন পাঁচ হাজারেরও বেশি মানুষ।
জাতিসংঘের মতে, ২০১৭ সালে ইউরোপে অভিবাসনের উদ্দেশ্যে পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ২৩০ জন মানুষ।
ইত্তেফাক/এমএইচ