সিংগাইরে দিনমজুরের লাশ উদ্ধার, স্ত্রী-মেয়ে আটক

মানিকগঞ্জের সিংগাইরে আব্বাস শেখ (৩০) নামে এক দিনমজুরের হাত-পা বাঁধা লাশ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তার স্ত্রী ইয়ারন (২৪) ও মেয়ে সুরভীকে (১২) আটক করা হয়েছে।
 
তবে আটক নয় জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় আনা হয়েছে জানিয়ে থানার ওসি (তদন্ত) মো. আমিনুর রহমান বলেন, আব্বাসের স্ত্রী রাতে ঘুমাতেন ঘরের ভেতরে, আর আব্বাস ঘরের বারান্দায়। আব্বাসের ঘরের ভিটেমাটিটুকু ছাড়া কোনো জমাজমিও নেই। কানে কম শোনা দিনমজুর এবং নিরীহ আব্বাসের কোনো শত্রু নেই। তবে স্ত্রীর সাথে পাশের আছর উদ্দিন নামে একজনের অবৈধ সর্ম্পক ছিল এটা জানা গেছে। স্ত্রীর পরকীয়া প্রেমের বলি হিসেবে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে।
 
তিনি আরো জানান, আব্বাসকে গভীর রাতে যখন হাত-পা বেঁধে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় তখন তার মেয়ে সুরভীর ঘুম ভেঙে গেলে ওর মাকে ডেকে তোলে। কিন্তু মা ইয়ারন মেয়েকে ঘরের বাইরে বারান্দায় না গিয়ে চুপ থেকে লেপ গায় দিয়ে ঘুমিয়ে থাকতে বলে। নিহতের মেয়ে সুরভী একথা পুলিশকে জানিয়েছে।
 
নিহত আব্বাসের ভাতিজা এ্ডভোকেট জহির জানান, প্রতিবেশী আছর উদ্দিনের স্ত্রী দেড় মাস আগে আমার কাছে বিচারও দাবি করেছে চাচীর সাথে তার স্বামীর অবৈধ সর্ম্পকের ব্যাপারে।চাচী চাচাকে মারধরও করতো ভিটে মাটি টুকু লিখে দেয়ার জন্য। হত্যা করার সময়ে চাচী এগিয়ে না আসলেও ঘটনার পরে ডাকাত এসেছে বলে চাচী চিৎকার করতে থাকে।অথচ আমাদের খবর দেননি। তবে আছর উদ্দিন এবং আমার চাচীর মোবাইল নম্বর ট্যাগ করলেই সব কিছুই জানা যাবে।
 
ইত্তেফাক/এএম।