পাবনার ভাঙ্গুড়ায় পরকীয়ার ফাঁদে পড়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক দুবাই প্রবাসীর স্ত্রী। গত শনিবার রাতে উপজেলার মণ্ডুতোষ ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রবিবার ঘটনার শিকার গৃহবধূ বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় ধর্ষণ মামলা করেছেন। পুলিশ ধর্ষক ফরহাদ আলীকে (৩০) আটক করেছে। ফরহাদ দিয়াপাড়া গ্রামের মৃত ফজলুল হকের পুত্র।
ওই গৃহবধূ জানান, তার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডি গ্রামে। তার স্বামী দুবাই থাকেন। ছয় মাস আগে মোবাইল ফোনে ফরহাদকে মিস কল দেয়।তারপর নিয়মিত কথাবার্তা অতঃপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা কাউকে জানাননি তারা বিবাহিত এবং তাদের একটি করে সন্তান রয়েছে।
ফরহাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে শনিবার দুপুরে কুষ্টিয়া থেকে রওনা দিয়ে সন্ধ্যায় ভাঙ্গুড়া রেল গেটে পৌঁছান ওই গৃহবধূ। ফরহাদ ও তার তিন সহযোগী ওই গৃহবধূকে রিসিভ করে নিজ গ্রামের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জুয়েল মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই গৃহবধূকে মেডিকেল পরীক্ষার জন্য রবিবার বিকালে পাবনা সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএন/ইউবি