যশোরে উদ্যোক্তাদের মধ্যে প্রায় ৬ কোটি টাকা ঋণ বিতরণ

যশোরে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প উদ্যোক্তাদের মধ্যে বিভিন্ন ব্যাংক ৫ কোটি ৮০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। 
 
রবিবার দুপুরে সোনালী ব্যাংক যশোর কর্পোরেট কার্যালয়ে লাইট ইঞ্জিনিয়ারিং ক্লাস্টার ভিত্তিক ব্যাংকার-উদ্যোক্তা মতবিনিময় সভা শেষে এ ঋণ বিতরণ করা হয়।
 
সোনালী ব্যাংক যশোর কর্পোরেট শাখার সহকারী জেনারেল ম্যানেজার ইমামুল হোসেনের সভাপতিত্বে ঋণ বিতরণ ও সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার স্বপন কুমার রায়।
 
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, ইসলামী ব্যাংক বাংলাদেশের এভিপি মারুফ হোসেন, ব্যাংক এশিয়ার এসইভিপি সরদার আখতার হামিদ, বেসিক ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক জহির উদ্দিন, আইএফআইসি ব্যাংকের ইভিপি রওশন জাদীদ ও সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সহকারী জেনারেল ম্যানেজার খন্দকার গোলাম জাকারিয়া। 
 
এ সময় জনতা ব্যাংক যশোরের উপ-মহাব্যবস্থাপক শেখ মো. শামসুজ্জামান, রুপালি ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক জয়নাল আবেদীন, সোনালী ব্যাংক যশোরের উপ-মহাব্যবস্থাপক আবদুল গাফ্ফারসহ সরকারি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। 
 
মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, সব ব্যাংককে নতুন উদ্যোক্তা খুঁজে বের করতে হবে। প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের নিয়ে পড়ে থাকলে হবে না। কেননা নতুন করে উদ্যোক্তা সৃষ্টি না করতে পারলে দেশের অর্থনীতির চাকা সচল হবে না। যশোরের লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের অনেক সম্ভাবনা রয়েছে। এদের সহযোগিতা দিলে দেশের অর্থনীতিতে এই শিল্প অবদান রাখবে। 
 
সভাপতির বক্তব্যে মো. ইমামুল হোসেন বলেন, যশোর অঞ্চলে প্রচুর সম্ভাবনায় খাত রয়েছে। সম্ভাবনায় এসব উদ্যোক্তাদের পাশে দাঁড়ালে তারা ভালো করবে বলেই আমার বিশ্বাস। 
 
মতবিনিময় সভা শেষে বিভিন্ন ব্যাংক ৫ কোটি ৮০ লাখ টাকা লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করে।
 
 
ইত্তেফাক/এমএইচ/ইউবি