স্থায়ী নিয়োগের দাবি পুল শিক্ষকদের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তীর্ণ অবশিষ্ট সহকারী পুল শিক্ষকদের স্থায়ী নিয়োগের দাবি জানিয়েছে শিক্ষকরা। রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
 
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১১ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ওই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ২০১২ সালে প্রায় ১১ লক্ষাধিক প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে যার মধ্যে ৪৪ হাজার প্রার্থী উত্তীর্ণ হয়।
 
তার মধ্যে মৌখিক পরীক্ষা দিয়ে ২৭ হাজার ৭২০ জন উত্তীর্ণ হয়। এর মধ্যে ১২ হাজার ৭০১ জনকে ওই বছর স্থায়ী নিয়োগ দেয়া হয়। বাকি ১৫ হাজার ১৯ জনকে পুলভুক্ত হিসেবে রাখা হয়। কিন্তু পুলভুক্ত শিক্ষকদের নিয়োগ না দিয়ে সরকার ২০১৪ খ্রিস্টাব্দে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
 
পরবর্তীতে ঐ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে ৭১টি রিট পিটিশন করা হয়। হাইকোর্ট নিয়োগ বিজ্ঞপ্তিকে স্থগিত ঘোষণা করে পুলভুক্ত শিক্ষকদের স্থায়ী নিয়োগের নির্দেশ দেয়। পরে পুলভুক্তদের মধ্যে আদালতের রায় অনুযায়ী প্রায় ৩৫০০ জনকে স্থায়ী নিয়োগ দেয়া হয়। কিন্তু অবশিষ্ট সহকারী পুল শিক্ষকদের স্থায়ী নিয়োগ আজও ঝুলে আছে। মানববন্ধনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা অংশগ্রহণ করেন। 
 
ইত্তেফাক/এমআই