চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য রুল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হাঁটার ঘটনায় এ আবেদন করা হয়।
রবিবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চ আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
গত ৩০ জানুয়ারি হাইমচরের নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্ররা হাতে হাত রেখে তার ওপর একজনকে শুইয়ে প্রতীকী ‘পদ্মা সেতু’ বানায়। তাতে হাঁটার ছবি ও ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ে। গত ১ ফেব্রুয়ারি থানায় মামলা করেন আবদুল কাদের নামে এক অভিভাবক। মামলায় নূর হোসেন ও প্রধান শিক্ষক মোশারফ হোসেনসহ পাঁচজনকে আসামি করা হয়। ২ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘ছাত্রদের শরীরে গড়া সেতু দিয়ে আনন্দে হাঁটলেন জনপ্রতিনিধি’ শিরোনামে প্রতিবেদন সংযুক্ত করে রিট আবেদন করা হয়।
রবিবার রিট চেয়ে আবেদনকারী আইনজীবী মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, যেহেতু উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। সে কারণে আদালতে রিট আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ হয়েছে।
ইত্তেফাক/এমআই