উত্তর ও মধ্যাঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চলতি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।
 
এছাড়া এ মাসে দেশের নদী অববাহিকা ও অন্যত্র সকালের দিকে হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
 
আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানিয়ে বলা হয়, আবহাওয়ার প্রাপ্ত উপাত্ত, আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়া মানচিত্র বিশ্লেষণ করে এই পূর্বাভাস জানা গেছে।
 
বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর আগামী তিন মাসের আবহাওয়ার পূর্বাভাসের তথ্য জানিয়েছে।
 
আবহাওয়া অধিদফতর জানায়, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে ১ থেকে ২ দিন বজ্রঝড় হতে পারে।
 
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী মার্চ মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১ থেকে ২ দিন মাঝারি অথবা তীব্র কালবৈশাখী অথবা বজ্রঝড় হতে পারে।
 
আবহাওয়ার আগাম পূর্বাভাসে বলা হয়, এপ্রিল মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্ন চাপ সৃষ্টি হতে পারে। এছাড়া এর মধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বাসস
 
ইত্তেফাক/এসএমএমইউ/ইউবি