অর্থ-আত্মসাতের অভিযোগে দায়ের করা পৃথক মামলায় দুই ব্যক্তিকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানী ঢাকা ও বরিশাল থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- গোলাম কবির খান ও মো. জসিম উদ্দিন। এদের মধ্যে গোলাম কবির খানকে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করা হয়েছে। আর পরিবার পরিকল্পনার সহকারী মো. জসিম উদ্দিনকে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রবিশাল শহরের নবগ্রাম রোড থেকে গ্রেফতার করা হয়।
গোলাম কবির খানকে গ্রেফতারের ব্যাপারে দুদক সূত্র জানায়, দুদকের রংপুরের উপপরিচালক মোজাহার আলী সরদারের নেতৃত্বে সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে সোনালী ব্যাংক লি. এর লালমনিরহাট শাখা হতে ১৮ লাখ ৩২ হাজার ৮৫৫ টাকার ৫টি এলসি ডকুমেন্ট ব্যাংক থেকে ছাড় না করার অভিযোগে মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ব্যাংকের ভুয়া এনওসি দিয়ে তিনি কাস্টমস থেকে মালামাল খালাস করার অভিযোগও রয়েছে। অভিযোগগুলো এনে ২০১৫ সালের ২৮ অক্টোবর লালমনিরহাট থানায় একটি অর্থ-আত্মসাতের মামলা করা হয়। মামলা নম্বর ২৫। তারই জের ধরে গোলাম কবীরকে রবিবার ঢাকা থেকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলা পরিবার পরিকল্পনার সহকারী জসিম উদ্দিনকে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জেলা শহরের নবগ্রাম রোড থেকে গ্রেফতার করেছে দুদক। দুদকের বিভাগীয় কার্যালয় বরিশালের পরিচালক আক্তার হোসেনের নেতৃত্বে উপ-সহকারী পরিচালক আল-আমিন আসামিকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের জিপিএফ-এর ৩ লাখ ৩৭ হাজার ৩৫৬ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ২০১৬ সালের ২২ ডিসেম্বর বরিশালের বানারীপাড়া থানায় তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলাটি দায়ের করা হয়। মামলা নম্বর মামলা নং ১১। গ্রেফতারকৃত এই দুই জনকেই সোমবার আদালতে হাজির করা হবে বলে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।
ইত্তেফাক/এমআই