মোমেন আলী পেশায় ডাক্তার। পৈতৃক-সূত্রে একটি দোতলা বাড়ির মালিক। স্ত্রী, চার ছেলেমেয়ের সংসার আর তার সাথে একটি ভাড়াটিয়া নিয়ে তার দৈনন্দিন জীবন। বড় ছেলেও বাবার মত ডাক্তারি পেশা বেছে নিয়েছে। ছোট ছেলে বন্ধু-বান্ধব নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে।
বড় মেয়ে প্রেম করে বিয়ে করেছে ঠিকই কিন্ত প্রতিদিনই স্বামীর সাঙ্গে ঝগড়াঝাঁটি করে। ছোট মেয়ে অনেক চঞ্চল কিন্তু কঠিন রোগে ভুগছে এ কথা বাবা হয়েও কাউকে বলতে পারছে না। ভাড়াটিয়াদের নিয়েও বিপদে মোমেন আলী।
জীবনের গতিবিধি জলের মত, আর তাতে একত্রিত হয় মনের রং। এমনই জীবনের টানাপোড়ন, নিত্য দিনের সুখ-দুঃখ, আনন্দ আর বেদনা এই নিয়েই নাটক ‘জলরং’। আমজাদ হোসেনের কাহিনীতে নাটকটির চিত্রনাট্যে এবং পরিচালনা করেছেন সোহেল আরমান।
বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে শুরু হচ্ছে নতুন এ ধারাবাহিক নাটক। আজ সোমবার থেকে এর প্রচার শুরু হচ্ছে। দেখা যাবে সপ্তাহের সোম এবং মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে।
অভিনয় করেছেন আনিসুল রহমান মিলন, সাদিয়া জাহান প্রভা, শতাব্দী ওয়াদুদ, রুনা খান, শশী, শ্যামল মাওলা, আমজাদ হোসেন, লায়লা হাসান, সুমাইয়া শিমু, সিয়াম, সাফা কবির প্রমূখ।
ইত্তেফাক/এমএআর