খসে পড়া পলেস্তার দেয়ালের বাড়ি। আলগা রঙে ঝকঝকে করার চেষ্টা। আভিজাত্যটা ধরে রাখবে তবুও। বংশ পরম্পরায় চলে আসা রীতি। শুদ্ধ হতে দুধে ধোয়া হাত। কিংবা দুধে গোসল। এমন বংশের তরুণীকে ভালোবেসে ফেলে ছেলেটি। এরপর গল্পের মোড় নেয় অন্যদিকে। ‘স্বপ্নে খুঁজি তোমায়’ শিরোনামে নতুন গানে এমনই এক কাহিনীর মিউজিক ভিডিওতে মডেল হলেন অরণ্য পাশা ও রিফাত জাহান।
সাহাদত হোসেনের সুর ও গায়কীতে গানটি মিউজিক কম্পোজিশন করেছেন রেজোয়ান শেখ। গানটি লিখেছেন অরণ্য পাশা। সিডি চয়েসের ব্যানারের প্রকাশিত এ মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক।
গানটি সম্পর্কে তাইফুর জাহান আশিক বলেন, নাটক নির্মাণ করলেও কখনো আমি মিউজিক ভিডিও নির্মাণ করিনি।এবারই প্রথম। গানটির জন্য আমার পুরো টিমকে ধন্যবাদ। কারণ তারা অনেক পরিশ্রম করেছেন। আশা করি গানটি সবার ভালো লাগবে।
টানা তিন দিন ঢাকা, কালিয়াকৈর, নবাবগঞ্জ, দোহার মৈনন ঘাটে এ গানের চিত্রধারণ করা হয়েছে। ‘স্বপ্নে খুঁজি তোমায়’ ইতোমধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে।
অরণ্য পাশা বলেন, আমি নিয়মিত কাজ করি না। মাঝে মাঝে যে কাজ করি। খুব ভেবেচিন্তে করি।একটা কাজের পিছনে আমি ওতপ্রোত ভাবে জড়িত থাকি। কয়েকমাসের পরিকল্পনা থাকে। আশা করি এ মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে।
ইত্তেফাক/এমএআর