অ্যাগুয়েরোকে ছাড়বে না ম্যান সিটি

এবারের গ্রিষ্মে সার্জিও আগুয়েরোকে ছাড়ার কোন পরিকল্পনা নেই বলে জানালো ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। রবিবার সোয়ানসি সিটির বিপক্ষে ২-১ গোলের জয়ের পরে এই ইঙ্গিত পাওয়া গেছে। এর আগে গুজব ছিল চলতি মৌসুমের পরে সিটি আর আগুয়েরোকে দলে রাখবে না। 
 
প্রিমিয়ার লিগে সিটির গত দুটি ম্যাচে আগুয়েরো বদলি বেঞ্চে ছিলেন। তার স্থানে দলে নতুন আসা গ্যাব্রিয়েল জেসাসের ওপরই আস্থা রেখেছেন কোচ পেপ গার্দিওলা। ঐ দুটি ম্যাচে জেসাসের কাছ থেকে এসেছে তিনটি গোল। এর মধ্যে রবিবার ইত্তিহাদ স্টেডিয়ামে শেষ মুহূর্তের নাটকীয় গোলে সিটির জয় নিশ্চিত হয়। এর ফলে গার্দিওলার প্রশংসাও কুড়িয়েছেন জেসাস। 
 
আগুয়েরো নিজেও ১৯ বছর বয়সী জেসাসের প্রশংসা করে বলেছেন, তার কাছ থেকে শেখার অনেক কিছুই আছে। কিন্তু একইসাথে নিজেকে স্থায়ীভাবে মূল একাদশের বাইরে দেখার শঙ্কাও প্রকাশ করেছেন। ২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন অবশ্য স্বীকার করেছেন এখনই সিটি ছাড়ার কোন পরিকল্পনা তার নেই। কিন্তু এজন্য সিটির সহযোগিতাও প্রয়োজন বলে তিনি মনে করেন। 
 
এ সম্পর্কে আগুয়েরো বলেন, আগামী তিন বছরে সিটির সাথে আমার চুক্তি শেষ হয়ে যাবে। এ কারনেই আমি বলছি এই মুহূর্তে সিটিজেনদের সাথে আমি ভাল আছি। গত তিন মাস ধরে কিছু গুজব শোনা গেলেও এখন সব কিছুই ক্লাবের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। 
 
কিন্তু ক্লাবের ঊর্ধ্বতন সূত্রে জানা গেছে এই মুহূর্তে আগুয়েরোকে ছাড়ার কোন পরিকল্পনা তাদের নেই। গার্দিওলা নিজেও জানেন আগুয়েরো তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তবে আগুয়েরোকেও সেটা বুঝতে হবে বলে গার্দিওলা ইঙ্গিত দিয়েছেন। 
 
২০১৬ সালের শুরুতে আগুয়েরো নতুনভাবে সিটির সাথে চুক্তি করেন। নতুন চুক্তি অনুযায়ী ২০২০ পর্যন্ত তিনি সিটির সাথেই থাকছেন। যদিও নতুন এই চুক্তি প্রসঙ্গে ক্লাবের পক্ষ থেকে এ পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোন ঘোষণা দেয়া হয়নি।
 
ইত্তেফাক/এমএইচ