মহেশখালীতে জমি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক খুন

কক্সবাজারের মহেশখালীতে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন বলে দাবি করেছে নিহতের পরিবার। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৯টায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের পূর্ব সিপাহীর পাড়া বটতলা গ্রামে। 
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, স্থানীয় কবির আহাম্মদের পুত্র আকতার আহাম্মদের সঙ্গে স্থানীয় প্রবাসী রহমত উল্লাহর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। রবিবার সকাল ৯টায় উক্ত জমিতে চাষ করতে গিয়ে রহমত উল্লাহর পুত্র মিজানুর রহমান আব্দুল জলিল ও খাইরুল আমিনসহ আরো৭/৮ জনের একটি গ্রুপ আকতার আহাম্মদকে (২৫) পিঠে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসী দ্রুত আকতার আহাম্মদকে মহেশখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে মহেশখালী থানায় মামলার প্রক্রিয়া চলছে। নিহতের শরীরে ৪টি ছুরি ও বিভিন্ন স্থানে জখম রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
 
ইত্তেফাক/এমআই