রামগতিতে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরের রামগতিতে ফাতেমা তুজ জোহরা মেঘলা(২০) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সবুজগ্রাম এলাকায় যৌতুকের দাবিতে এ হত্যাকাণ্ড হয়েছে বলে অভিযোগে বলা হয়েছ।
 
মেঘলা ভোলা জেলা সদর পৌরসভার নবীপুর এলাকার মো. শহিদুল হক টিটুর মেয়ে। 
 
রবিবার রাতে ওই এলাকার মো. শাজাহান মাষ্টারের বাড়ি থেকে মেঘলার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মেঘলার বাবা শহিদুল হক টিটু বাদী হয়ে রামগতি থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
 
মামলায় মেঘলার স্বামী মো. এমরান হোসেন ওরফে এনাম তার পিতা, মাতা, ভাইসহ অজ্ঞাত ৭-৮জনকে অভিযুক্ত করা হয়। এদের মধ্য থেকে পুলিশ এনামের পিতা মো. শাজাহান মাষ্টারকে গ্রেফতার করে সোমবার আদালতে সোপর্দ করে।
 
নিহত মেঘলার পিতা শহিদুল হক টিটু জানান, মেঘলার সঙ্গে এনামের প্রেমের সম্পর্কের কারণে তিন বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে মেঘলা তার স্বামীর সঙ্গে শশুর বাড়িতে থাকতো। বিয়ের কিছু দিন পর থেকে শশুরের পরিবারের লোকজন যৌতুকের জন্য মেঘলাকে বিভিন্ন সময়ে মারধর করতো। 
 
তিনি বলেন, মেঘলার সুখের কথা চিন্তা করে কয়েক দফায় ৩-৪ লাখ টাকা দেওয়া হয়। এতেও এনামের পরিবার সন্তষ্ট ছিল না। স্বামীর ব্যবসার জন্য আরো দুই লাখ টাকা বাবার কাছ থেকে নিতে চাপ দেয় মেঘলাকে। এতে মেঘলা অস্বীকৃতি জানালে ঘটনার দিন রবিবার বিকেলে বেধম মারধর করলে রাতে মেঘলা মারা যান।
 
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের থেকে মেঘলার শশুর শাজাহান মাষ্টারকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
 
ইত্তেফাক/এএন