বিএসএমএমইউ’র ২৩২ শিক্ষার্থীকে গবেষণা মঞ্জুরী

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অফিসের উদ্যোগে মেডিক্যাল শিক্ষা বিষয়ক উচ্চতর গবেষণার জন্য ২৩২ জন ছাত্রছাত্রীকে গবেষণা মঞ্জুরী প্রদান করা হয়। এরমধ্যে মেডিসিন অনুষদে ১১০ জন, সার্জারি অনুষদের ৭৭ জন, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ৩৭ জন এবং ডেন্টাল অনুষদের ৮ জন শিক্ষার্থী রয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে গবেষণার প্রকারভেদে ২৫ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত গবেষণার জন্য বরাদ্দ দেয়া হয়। 
 
সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে এ ব্লকের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে গবেষণা মঞ্জুরী প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার।
 
উপাচার্য কামরুল হাসান খান বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় গবেষণা ও মানসম্মত শিক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাংকিং-এ স্থান করে নিয়েছে। সকলের সম্মলিত প্রচেষ্টায় এ বিশ্ববিদ্যালয়ে অতীতের যেকোনো সময়ের তুলনায় প্রাণবন্ত ও উত্সবমুখর পরিবেশ বিরাজ করছে। তিনি শিক্ষক, ছাত্রছাত্রী, চিকিত্সক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীসহ সংম্লিষ্ট সকলকে হাসিখুশি থাকার আহ্বান জানিয়ে আরো বলেন, বর্তমান প্রশাসন গবেষণার উপর গুরুত্বারোপ করেছে। গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে নানামুখী কার্যক্রম অব্যাহত রেখেছে। রেসিডেন্ট শিক্ষার্থীদের মাসিক পারিতোষিক দ্বিগুণ করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের জন্য ১০০০ বেডের হল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই