জর্ডান থেকে ফসফরিক এসিড ও রক ফসফেট আমদানি করবে সরকার

রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে জর্ডান থেকে ফসফরিক এসিড ও রক ফসফেট আমদানির বিষয়ে আলোচনার জন্য জর্ডান যাচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ লক্ষ্যে তিনি মঙ্গলবার জর্ডানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
 
জর্ডান ফসফেট মাইনস কোম্পানি পিএলসি-এর আমন্ত্রণে শিল্পমন্ত্রী এ সফরে যাচ্ছেন। তিনি সেখানে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
 
বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জিয়াউর রহমান খান, শিল্পমন্ত্রীর সহকারী একান্ত সচিব ফখরুল মাজিদ মাহমুদ, বিসিআইসির পরিচালক মো. আব্দুল হাই এবং বিসিআইসির ক্রয় বিভাগের ইনচার্জ মো. সহিদুল ইসলাম প্রতিনিধিদলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
 
জর্ডান সফরকালে শিল্পমন্ত্রী সে দেশের শিল্প ও বাণিজ্যমন্ত্রী জারুব কুদাহর সঙ্গে বৈঠক করবেন। তিনি জর্ডান ফসফেট মাইনস কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও পৃথকভাবে মতবিনিময় করবেন।
 
বৈঠককালে শিল্পমন্ত্রী বাংলাদেশের শিল্পখাতে অর্জিত সাফল্য তুলে ধরবেন। তিনি দেশে বিরাজমান অনুকূল বিনিয়োগ পরিবেশের কথা উল্লেখ করে বাংলাদেশের উদীয়মান শিল্পখাতগুলোতে জর্ডানি উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানাবেন। এছাড়া, তিনি রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় জর্ডান হতে রক ফসফেট আমদানির বিষয়ে ইতোপূর্বে প্রস্তুতকৃত খসড়া চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন। এ সফরে জর্ডান থেকে বিসিআইসির জন্য রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ফসফরিক এসিড আমদানির বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হবে।
 
শিল্পমন্ত্রীর এ সফল বাংলাদেশ ও জর্ডানের মধ্যে বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সুদৃঢ়করণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
 
শিল্পমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল ১২ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে। বাসস
 
ইত্তেফাক/এএসএমইউ