সরকারি অর্থায়নে দেশের প্রতিটি উপজেলায় মসজিদ তৈরি করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ।
তিনি বলেন, এই দেশে ইসলামের খেদমত করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রথম আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
সোমবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর রাঙ্গুনিয়া নুরুল উলুম ফাজিল মাদ্রাসার অভিবাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক এই মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার বার বার ক্ষমতায় এসে দেশ ও ইসলামের কল্যাণে কাজ করার চেষ্টা করছে।তাই আগামীতেও ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতায় আনতে হবে।
এদিকে সোমবার সকালে রাঙ্গুনিয়ার খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিদ এক অনুষ্ঠানে তিনি বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তথ্য প্রযুক্তিসহ গ্রামীণ উন্নয়নে ব্যাপক কাজ করছে।
বর্তমান সরকার দেশের ৬ কোটি মানুষকে ১০ টাকা কেজিতে মাসে ৩০ কেজি চাল দিচ্ছে জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের প্রতিটি অঞ্চলে কমিউনিটি ক্লিনিক চালু করেছিল। কিন্তু ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে সেগুলো বন্ধ করে দিয়েছে। তারা যদি কখনো আবার ক্ষমতায় আসতে পারে তাহলে বর্তমানে যে উন্নয়ন তাও তারা বন্ধ করে দেবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল আলম, পৌরসভার মেয়র শাহজাহান শিকদার, উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সফিকুল আলম, নুরুল উলুম মাদ্রসার গভর্নিং বোর্ডের সভাপতি ওবায়দুল মোস্তফা নঈমী, নুরুল উলুম ফাজিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা এম নাছির উদ্দিন প্রমুখ।
ইত্তেফাক/ইউবি