সুন্দরগঞ্জে এবার ৩ স্কুলছাত্র চারদিন ধরে নিখোঁজ

গাইবান্ধার সুন্দরগঞ্জে এবার  তিন স্কুলছাত্র চারদিন ধরে নিখোঁজ। বাড়ির কাছে রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরানী বাজারে বই কিনতে গিয়ে তারা আর বাড়ি ফিরে আসেনি। 
 
পরিববারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাদের কোন সন্ধান পায়নি। এ নিয়ে উদ্বিগ্ন নিখোঁজদের পরিবারের লোকজন।
 
নিখোঁজ তিন স্কুল ছাত্র হলো, সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা গ্রামের শহিদুল ইসলামের ছেলে শিমুল (১৪), একই গ্রামের আব্দুল মাজেদের ছেলে শামিম মিয়া (১৩) ও একই গ্রামের দেওডোবা গ্রামের নুরু মিয়ার ছেলে অন্তর মিয়া (১৪)। তারা উপজেলার জহরুলহাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
 
নিখোঁজ শিমুলের বাবা শহিদুল ইসলাম জানান, ঘটনার দিন ৩ ফেব্রুয়ারি বিকালে একই সঙ্গে তিনজন চৌধুরানী বাজারে বই কেনার জন্য যায়। এরপর সন্ধ্যা গড়িয়ে এলেও তারা বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তাদের মোবা্ইল ফোনও বন্ধ পাওয়া যায়। 
 
তিনি আরো জানান, নিখোঁজের পর গত ৪ ফেব্রুয়ারি দুপুরে তার ছোট ভাই শরিফুল ইসলামের নিকট মোবাইল ফোনে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুয়া গ্রামের আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি জানান, ‘টাকার জন্য তিনি এই তিনজনকে অপহরণ করেছে।’
 
নিখোঁজ শামিম মিয়ার বাবা আব্দুল মাজেদ বলেন, ‘ওই দিন দুপুরে স্কুলের বই কেনার জন্য তার কাছে টাকা নেয় শামিম। এরপর বিকেলে বাড়িতে বলে সে চৌধুরানী বাজারে যায়। তারপর থেকে সে নিখোঁজ।’
 
অন্তর মিয়ার বাবা নুরু মিয়া বলেন, বই কেনার উদ্দেশ্যেই বাড়ি থেকে বের হয় অন্তর। পরে জানতে পারি তার সঙ্গে শিমুল ও শামিমও ছিল। সেইদিন থেকে তিন জনই নিখোঁজ। 
 
সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। নিখোঁজ স্কুলছাত্রদের উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
 
ইত্তেফাক/এএন/ইউবি