‘কহো না প্যায়ার হ্যায়’ দিয়ে বলি ইন্ডাস্ট্রিতে সূচনা করেছিলেন আমিশা পাটেল। সুপারহিট হয়েছিল ওই ছবিতেই। তারপর নায়িকা সেভাবে আর প্রথম সারিতে জায়গা করে নিতে পারেননি। তবে ফের তিনি শিরোনামে। এবার তার বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ। আমিশার বিরুদ্ধে আড়াই কোটি টাকার প্রতারণার মামলা দায়ের করেছেন প্রযোজক অজয়কুমার সিংহ।
অজয়ের অভিযোগ, ‘দেশি ম্যাজিক’ নামে একটি ছবি করবেন বলে আমিশা এবং তার বিজনেস পার্টনার কুণাল গ্রুমার তার থেকে আড়াই কোটি টাকা নিয়েছিলেন। কিন্তু সে ছবি হয়নি। আমিশাও ওই টাকা তাকে ফেরত দেননি বলে অভিযোগ। এই মর্মে রাঁচী আদালতে মামলা দায়ের করেছেন অজয়।
এই বিষয়ে অজয় সাংবাদিকদের জানিয়েছেন, ‘গত বছর মার্চে রাঁচীর একটা অনুষ্ঠানে আমিশা এবং কুণালের সঙ্গে তার দেখা হয়। সে সময় তাদের আড়াই কোটি টাকা দিয়েছিলেন তিনি।
আরো পড়ুন: ১৭০ বার হেরে আবারো ভোটে লড়বেন এই প্রার্থী
তিনি আরো জানান, ‘‘তারা আমাকে বলেছিল, ২০১৮-র জুনে ছবিটি রিলিজ করবে। যেটা আমার জন্য লাভজনক হবে। কিন্তু সেটা হয়নি। তারা কথা দিয়েছিল সুদ সমেত দুতিন মাসের মধ্যে টাকাটা ফেরত দেবে। তিন কোটি টাকার একটা চেকও দিয়েছিল। কিন্তু সেটা বাউন্স করে। সেটা তাদের জানানোর পর আমিশার সঙ্গে বড় বড় লোকেদের ছবি দেখিয়ে আমাকে ভয় দেখায়। তারা বলেছিল, এ বছর ছবিটা রিলিজ করবে। কিন্তু তেমন কোনও খবর এখনও পর্যন্ত আমার কাছে নেই।’’
এ বিষয় নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি আমিশা। তার ঘনিষ্ঠদের দাবি, আইনি পথেই এবার গোটা ঘটনাটির মোকাবিলা করবেন নায়িকা।
ইত্তেফাক/বিএএফ