বাণিজ্য মেলায় ওয়ালটনের ৫৬ শতাংশ বেশি বিক্রি হয়েছে

 
শেষ হওয়া ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ফ্রিজ, টেলিভিশন, ল্যাপটপসহ প্রায় ৬০টি পণ্যের ৫ শতাধিক মডেল প্রদর্শন ও বিক্রি করেছে ওয়ালটন। এরমধ্যে ছিল শতাধিক নতুন মডেলের পণ্য। এবারের বিক্রির পরিমাণ গেলো বছরের চেয়ে ৫৬ শতাংশ বেশি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
 
প্রতিষ্ঠানটি সরকারি কোষাগারে জমা দেয় সর্বোচ্চ পরিমাণ ভ্যাট। যার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ ভ্যাটদাতার প্রথম পুরস্কার অর্জনসহ জাতীয় রাজস্ব বোর্ডের সম্মাননা পায় দেশীয় এই ব্র্যান্ডটি। একই সঙ্গে শ্রেষ্ঠ প্রিমিয়ার প্যাভিলিয়নের স্বীকৃতিও পেয়েছে তারা।
 
ওয়ালটন সূত্রমতে, এবারের মেলায় ওয়ালটন প্রায় ১২ কোটি ১৬ লাখ ২৭ হাজার টাকার পণ্য বিক্রি করেছে। ২০১৬ সালের বাণিজ্য মেলায় বিক্রি করেছিল প্রায় ৭ কোটি ৮২ লাখ টাকার পণ্য। এতে করে সদ্য সমাপ্ত এই মেলায় পণ্য বিক্রিতে প্রায় ৫৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে কোম্পানিটির। এরমধ্যে ফ্রিজ বিক্রিতে প্রবৃদ্ধি ১৯৬ শতাংশেরও বেশি। এলইডি টিভিতে প্রবৃদ্ধি হয়েছে ১১৮ শতাংশেরও বেশি। 
 
ওয়ালটন প্যাভিলিয়ন ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, গত বাণিজ্য মেলায় ওয়ালটনের ৪৫৮টি ফ্রিজ বিক্রি হয়েছিল। আর এবারে বিক্রি হয়েছে ১৩৫৬ টি। অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে ১৯৬.১০ শতাংশ। অন্যদিকে এলইডি টেলিভিশন বিক্রি হয়েছে ১৬৭৮টি। গত মেলায় বিক্রি হয়েছিল ৭৬৯ টি। প্রবৃদ্ধি ১১৮.২১ শতাংশ। 
 
বেশি বিক্রি হয়েছে ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ, এলইডি টেলিভিশন ও ল্যাপটপ। এবারই প্রথম মেলায় ল্যাপটপের মতো উচ্চ প্রযুক্তির আইসিটি পণ্য প্রদর্শন ও বিক্রি করেছে প্রতিষ্ঠানটি।
 
ইত্তেফাক/এমএআর