হারিয়ে যাওয়া গুগলের ১০ সেবা

প্রতিনিয়তই নতুন নতুন সেবা চালু করে প্রযুক্তি বিশ্বের মনোযোগ আকর্ষণ করে চলেছে টেক জায়ান্ট গুগল। সার্চ ইঞ্জিন হিসেবে যাত্রা শুরু করলেও ক্রমেই নতুন নতুন নানা ধরনের অনলাইন এবং অফলাইন সেবা চালু করে অনলাইন জীবনকে সহজ করতে সহায়তা করে যাচ্ছে গুগল। তবে নতুন নতুন সেবা চালুর পাশাপাশি পুরোনো অনেক সেবাই বন্ধ করে দিতে সিদ্ধহস্ত এই টেক জায়ান্ট।  গুগলের হারিয়ে যাওয়া ১০টি সেবা নিয়ে সাজানো হয়েছে এ লেখায়। বিস্তারিত লিখেছেন মোজাহেদুল ইসলাম

গুগল রিডার

চলতি বছরে গুগল রিডার সেবাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত সাড়া ফেলেছে প্রযুক্তি বিশ্বে। জনপ্রিয় এই সেবার মাধ্যমে অনলাইনে বিভিন্ন ধরনের কনটেন্ট সংগ্রহ করে পড়ার কাজটি ছিল অনেক সহজ। একই ধরনের বেশকিছু সেবা অনলাইনে চালু থাকলেও ইন্টারনেট ব্যবহারকারীদের বড় একটি অংশই গুগল রিডারের উপর নির্ভরশীল ছিল। জুলাই মাসে এই সেবাটি বন্ধ করে দেয় গুগল।

কুকিজ

বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার পক্ষ থেকে ওয়েব ব্যবহারকারীদের ট্র্যাক করার সেবা প্রদান করত গুগল কুকিজ। খুব বেশি সাড়া ফেলতে না পারলেও কুকিজের ব্যবহারকারীরা অসন্তুষ্ট ছিলেন না এই সেবা নিয়ে। তবে এই সেবাকেও চলতি বছরে বন্ধ করে দিয়েছে গুগল।

ক্লাউড কানেক্ট

 

মাইক্রোসফট অফিস স্যুটের বিভিন্ন ফাইল নিয়ে কাজ করে সেগুলোকে সরাসরি গুগল ড্রাইভে সংরক্ষণ করার জন্য গুগল চালু করেছিল তাদের ক্লাউড কানেক্ট প্লাগ-ইনটি। তবে গুগল ড্রাইভকে সরাসরি পিসিতে ইন্সটল করার সুবিধা দিয়ে এই প্লাগ-ইনটি প্রত্যাহার করে নিয়েছে তারা। এপ্রিলে সাঙ্গ হয় এই প্লাগ-ইনের যাত্রা।

গুগল প্লাস লোকাল

বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র, রেস্টুরেন্ট প্রভৃতি চিহ্নিত করতে গুগল গত বছরেই চালু করে গুগল প্লাস লোকাল সেবাটি। এটি অবশ্য ২০১১ সালে চালু হওয়া গুগল প্লেসের উন্নততর সংস্করণ হিসেবে চালু হয়। আইওএস-এর জন্য চালু হওয়া এইট অ্যাপ্লিকেশনটি তেমন একটা সাড়া না পেলে বন্ধ করে দেওয়া হয় এ বছরে।

গুগল ক্যাটালগ

বিভিন্ন ধরনের ক্যাটালগের ডিজিটাল সংস্করণ তৈরি করে পরিবেশবান্ধব শপিংকে উত্সাহিত করতে গুগল চালু করে গুগল ক্যাটালগ। অ্যান্ড্রয়েড ট্যাবলেট এবং আইপ্যাড ব্যবহারকারীদের ডিজিটাল লাইফ স্টাইলকে প্রভাবিত করে ২০১১ সালে চালু হওয়া অ্যাপ্লিকেশনটি। তবে বিভিন্ন রিটেইলারের নিজস্ব অ্যাপ্লিকেশন চলে আসায় এর প্রয়োজনীয়তা নেই বলেই মনে করে গুগল।

গুগল ল্যাটিচিউড

লোকেশন শেয়ারিংয়ের বিভিন্ন সেবার মধ্যে গুগল ল্যাটিচিউডের গ্রহণযোগ্যতা কম ছিল না। ২০০৯ সালে যাত্রা শুরুর পর থেকে চার বছর ধরে ভালোই সেবা প্রদান করে এসেছে এটি অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের জন্য। তবে বর্তমানে গুগল প্লাসের লোকেশন শেয়ারিংয়ের উপরেই জোর দিচ্ছে। আর সে কারণেই বন্ধ হয়ে যেতে হলো ল্যাটিচিউডকে।

বিল্ডিং মেকার

গুগল আর্থ এবং গুগল ম্যাপে বিভিন্ন ভবনের ত্রিমাত্রিক মডেল তৈরির জন্য গুগল চালু করেছিল বিল্ডিং মেকার নামের সেবাটি। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পরিচিত ভবনগুলোর ত্রিমাত্রিক মডেল যুক্ত করতে পারত। বর্তমানে গুগল ম্যাপ এবং আর্থে এর বিকল্প অন্য টুলস যোগ করায় একে বন্ধ করে দেওয়া হয়েছে। চলতি বছরের মার্চে ঘোষণা দিয়ে জুনে বন্ধ করে দেওয়া হয় এটি।

গুগল সিংক

মাইক্রোসফটের এক্সচেঞ্জ অ্যাকটিভসিংক প্রটোকলের মাধ্যমে গুগল মেইল (জিমেইল), গুগল ক্যালেন্ডার, কনটাক্ট প্রভৃতি সেবার তথ্যগুলোকে বিভিন্ন ডিভাইসে সিনক্রোনাইজেশনের জন্য চালু ছিল গুগল সিংক। বছরের শুরুতেই এই সেবাটি বন্ধ করে দেয় গুগল। তবে এটি ভোক্তা পর্যায়েই কেবল বন্ধ হয়েছে। ব্যবসার জন্য এটি এখনও সক্রিয় রয়েছে।

গুগল শপার

অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের মাধ্যমে কেনাকাটার বিভিন্ন তথ্য নিয়ে চালু হয় গুগল শপার সেবাটি। তবে একটা পর্যায়ে এসে গুগল মনে করে এসব তথ্যেও জন্য তাদের গুগল শপিং এবং গুগল সার্চই যথেষ্ট। স্মার্টফোন অ্যাপ্লিকেশনটি তাই বন্ধ হয়ে যায় এ বছরের জুলাই মাসে।

আইগুগল

গুগল’র হোমপেজকে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার সুবিধা নিয়ে চালু হয়েছিল আইগুগল। এটি ব্যবহারকারীর নিজের হোমপেজ পোর্টাল হিসেবেই কাজ করত। গুগল’র বিভিন্ন সেবা এবং কাস্টমাইজ ডিজাইন ব্যবহার করার সুবিধা ছিল আইগুগলে। তবে বর্তমানে গুগল’রই বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এবং টুলস চালু হওয়ায় এটি খুব বেশি ব্যবহূত হত না বলে এই সেবাটি বন্ধ করে দিয়েছে গুগল।