দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি দমন অসম্ভব নয় কিন্তু কঠিন। সম্মিলিত প্রয়াস ছাড়া দুর্নীতির লাগাম টেনে ধরা সত্যিই কঠিন। তাই বলে দুর্নীতির কাছে আত্মসমর্পণ নয় বরং প্রতিবাদ করুন। সম্মিলিত প্রয়াস দেশে দুর্নীতি মুক্ত হবে।
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এনজিও বিষয়ক ব্যুরোর আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও দুর্নীতি প্রতিরোধে এনজিওদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এসময় তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে এ দেশের উন্নয়নে এনজিওর ভূমিকা প্রশংসার দাবী রাখে। বিশেষ করে শিক্ষা, মাতৃমৃত্যু, শিশুমৃত্যু, নারীঅধিকার, পরিবেশ, বৃক্ষরোপণ, স্যানিটেশেন ইত্যাদি ক্ষেত্রে এনজিও’র ইতিবাচক ভূমিকা অনস্বীকার্য।
তিনি বলেন, বিগত বছরে প্রায় ৪ শতাধিক ব্যক্তিকে দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছে। অনেকের সমালোচনার উদ্ধৃতি দিয়ে বলেন, সমালোচনাকারীরা বলছে কমিশনের এই গ্রেফাতার পরিপ্রেক্ষিতে ঘুষ চাওয়ার প্রবণতা কমলেও ঘুষের পরিমাণ বেড়ে গেছে। এটা ঠিক নয়। ঘুষ নেয়া বিপদজনক বলে এখন গণ্য হচ্ছে।
তিনি আরও বলেন যে, ঘুষের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ঘুষ প্রদানের আগেই কমিশনকে জানানো হলে ঘুষ-গ্রহণকারীকে ফাঁদ পেতে গ্রেফতার করা হচ্ছে। সরকারি কর্মকর্তাদের বেতনবৃদ্ধির পরও যারা ঘুষ নেন তাদের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে কমিশনে অভিযোগ দেওয়ার আহ্বান জানিয়ে কমিশনের চেয়ারম্যান বলেন, সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে আসুন, কাউকেই ছাড় দেওয়া হবে না। এক্ষেত্রে ঘুষ-গ্রহণকারীকে গ্রেফতারের ক্ষেত্রে তাঁর সামাজিক বা পেশাগত বা অন্য কোনো পরিচয় কমিশনের নিকট ন্যূনতম গুরুত্ব বহন করে না।
ইত্তেফাক/এমআই