নির্বাচন কমিশনের ভবিষ্যৎ কর্ম দেখে মূল্যায়ন জানাবে সিপিবি

নির্বাচন কমিশন ভবিষ্যতে কেমনভাবে তার দায়িত্ব পালন করে তা দেখেই তার মূল্যায়ন জানাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
 
নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে সংগঠনটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ আজ এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
 
নেতৃবৃন্দ বলেন, বিবেচনা ও পছন্দ-অপছন্দের ভিত্তিতে কোনো সংস্থা গঠিত হলে তার কাজকর্ম সম্পর্কে আগাম মূল্যায়ন করা দুষ্কর। তাই নির্বাচন কমিশন সম্পর্কে সিপিবি আগাম মূল্যায়নমূলক মন্তব্য করতে পারছে না।
 
তবে নেতারা নতুন নির্বাচন কমিশন অবাধ-নিরপেক্ষ-গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য তার উপর অর্পিত দায়িত্ব যথার্থরূপে পালন করবে বলে আশাবাদী।
 
সিপিবি বিবৃতিতে ‘সরকার সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুসারে নির্বাচন কমিশন নিয়োগ বিষয়ে আইনগত কাঠামো প্রণয়নের জন্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাক্রমে অবিলম্বে পদক্ষেপ নেবে’ বলে আশাবাদ ব্যক্ত করেন। বাসস
 
ইত্তেফাক/এএসএমইউ