স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় ৪০ হাজার ২১৩টি গ্রাম উন্নয়ন সংগঠনের মাধ্যমে ২২ লাখ দরিদ্র পরিবারে ১ কোটি ২০ লাখ লোক দারিদ্র্য বিমোচনের প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার সংসদে সরকারি দলের সুকুমার রঞ্জন ঘোষের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তাপ্রসূত ক্ষুদ্র সঞ্চয় মডেলের ওপর প্রতিষ্ঠিত দারিদ্র্য-বিমোচন প্রকল্প, যা দেশের সকল উপজেলায় সকল ওয়ার্ডে একযোগে বাস্তবায়িত হচ্ছে। তিনি বলেন, ২০০৯ সালের জুলাই থেকে গত বছরের জুন পর্যন্ত এ প্রকল্পে ৩ হাজার ১৬২ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে সরকারিভাবে মোট ব্যয়ের পরিমাণ ২ হাজার ৬৯৪ কোটি ৯০ লাখ টাকা।
তিনি বলেন, এ প্রকল্পের আওতায় প্রায় ২২ লাখ দরিদ্র পরিবারের উপকারভোগী সদস্যগণ নিজেদের প্রয়োজনের নিরিখে উঠান বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করে ৩ হাজার ৬২৩ কোটি টাকা বিনিয়োগ করে গবাদিপ্রাণি পালন, হাঁস-মুরগী পালন, নার্সারী, মৎস্য চাষে এবং কৃষিসহ স্থানীয়ভাবে উপযুক্ত বিভিন্ন ট্রেডে ২৭ লাখ ৭৭ হাজার ক্ষুদ্র ক্ষুদ্র আয়বর্ধক খামার গড়ে তুলেছে এবং পারিবারিক আয়বৃদ্ধিসহ বিভিন্নভাবে উপকৃত হচ্ছে।
ইত্তেফাক/এমআই