বিলাশবহুল গাড়িতে আগুন তদন্তের নির্দেশ হাইকোর্টের

শুল্ক গোয়েন্দা হেফাজতে থাকাবস্থায় বিলাসবহুল একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তদন্ত করে আগামী এক মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে। 
 
এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। একইসঙ্গে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত গাড়ির মালিককে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। আদালতে রিট আবেদনের পক্ষে ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব শুনানি করেন। 
 
ব্যারিস্টার সাকিব মাহবুব জানান, জার্মান কোম্পানি অডি আর-৮ ব্র্যান্ডের এই গাড়িটি এক কোটি ৭৮ লাখ টাকা শুল্ক পরিশোধ করে আমদানি করে মেসার্স অটো-১ নামের একটি প্রতিষ্ঠান। কিন্তু সেই গাড়িটি অবিক্রিত অবস্থায় শো-রুমে থাকাকালে গত বছরের ৪ মে শুল্ক গোয়েন্দা বিভাগ আটক করে। আটকের ক্ষেত্রে শুল্ক ফাঁকির অভিযোগ আনা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগের দাবি, ২৫০০ সিসি দেখিয়ে গাড়িটি আমদানি করা হলেও প্রকৃতপক্ষে এর সিসি আরও বেশি। তিনি জানান, শুল্ক গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা অবস্থায়ই খিলক্ষেত থানাধীন তিনশ’ ফিট রাস্তায় যাওয়ার সময় বিমানবন্দর রোডে গাড়িটি চলন্ত অবস্থায় আগুন ধরে ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্তের ঘটনায় হাইকোর্টে রিট করেন গাড়ির মালিক। 
 
ইত্তেফাক/এমআই