মেহেরপুর জেলা প্রশাসনের কাছে মৃত্যুর অনুমতি চাওয়া পরিবারটিকে চিকিৎসা দিতে ভারত, চীন, ইংল্যান্ড ও আমেরিকার কয়েকটি হাসপাতাল আগ্রহ প্রকাশ করেছে।
১৯ জানুয়ারি বিভিন্ন সংবাদপত্র ও ইলেক্টোনিক্স মিডিয়ায় তোফাজ্জেল হোসেন নামের এক ব্যক্তি তার দুই ছেলে ও নাতির মৃত্যুর অনুমতি অথবা চিকিৎসার দায়ভার নেয়ার আবেদন প্রচারের পর বিদেশি বিভিন্ন হাসপাতাল এ আগ্রহ প্রকাশ করেছে।
তোফাজ্জেল হোসেনের মানবিক এ আবেদন প্রচারের পর দেশ-বিদেশে ব্যাপক সাড়া ও তোলপাড় শুরু হয়ে গেছে।
তার দুই ছেলে ও নাতির শরীরে যে দুরারোগ্য ব্যাধিটি বাসা বেঁধেছে তার নাম ‘ডুফিনি মাসকুলার ডিসট্রোফি’। আজও এ রোগের কোনো ওষুধ আবিষ্কার হয়নি বলে দেশি-বিদেশি চিকিৎসকরা জানিয়েছেন।
তার মানবিক আবেদনের পর ভারত, চীন, ইংল্যান্ড, আমেরিকাসহ বিভিন্ন দেশের হাসপাতালের চিকিৎসকরা চিকিৎসা সেবা দিতে তোফাজ্জেল হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন। দেশের বেশ কয়েকজন নামকরা চিকিৎসকও তোফাজ্জেল হোসেনের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবা দিতে আগ্রহ প্রকাশ করেছেন।
ভারতের মুম্বাইয়ে অবস্থিত নিউরোজেন ব্রেইন অ্যান্ড স্পাইন ইন্সটিটিউট প্রাথমিকভাবে চিকিৎসার জন্য এগিয়ে এসেছে। চীন ও আমেরিকার পৃথক দুইটি হাসপাতালও তোফাজ্জেল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে চিকিৎসা দিতে আগ্রহ প্রকাশ করে সকলের পাসপোর্ট করার জন্য বলেছে।
মুম্বাইয়ের চিকিৎসা কেন্দ্রটি তোফাজ্জেলের সঙ্গে যোগাযোগ করে আক্রান্তদের চিকিৎসার কাগজপত্র, বিভিন্ন সময়ের দেশে বিদেশে চিকিৎসকদের দেয়া ব্যবস্থাপত্র ই-মেইলের মাধ্যমে সংগ্রহ করেছেন। প্রতিষ্ঠানটি চাইছে তাদের বিনামূল্যে চিকিৎসা সহযোগিতা দিতে। চিকিৎসাসহ আক্রান্তদের এবং অভিভাবকদের একজনের যাতায়াতের খরচও বহন করতে চাইছে মুম্বাইয়ের ওই চিকিৎসা কেন্দ্রটি।
তোফাজ্জেল জানান, তিনি দেশে ও বিদেশে তার দুই সন্তানের চিকিৎসা করিয়েছেন। চিকিৎসকরা আক্রান্তদের রক্ত, মল মূত্র পরীক্ষা নিরীক্ষা করে রোগটি শনাক্ত করেছে। কিন্তু এ পর্যন্ত রোগটির কোনো ওষুধ আবিষ্কারর হয়নি।
তিনি বলেন, এই রোগে শরীরের মাংসপেশী জমাট বেঁধে যেতে থাকে। আক্রান্ত হওয়ার ১৫ থেকে ২০ বছরের মধ্যে রোগী মারা যায়।
এ অবস্থায় তোফাজ্জেল হোসেন গত ১৯ জানুয়ারি মেহেরপুরের জেলা প্রশাসকের কাছে মৃত্যু সংক্রান্ত আবেদনপত্রটি দেন। আবেদনপত্রে ডুফিনি মাসকুলার ডিসট্রোফি রোগে আক্রান্ত তার দুই ছেলে, নাতির মৃত্যুর অনুমতি অথবা চিকিৎসার দায়ভার নেয়ার প্রার্থনা করেন।
সংবাদপত্রের খবরে নারায়ণগঞ্জের কেন্ট হোমিও ইন্টারন্যাশনাল ও মিশরাত হোমিও হেল্থ কেয়ারের একটি চিকিৎসকদল নিজ দায়িত্বে মেহেরপুরে এসে এক মাসের চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছেন।
তোফাজ্জেল জানান, চীনের একটি চিকিৎসকদলও চিকিৎসা সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করে তার সঙ্গে যোগাযোগ করেছে।
মেহেরপুরের সিভিল সার্জন রাসেদা সুলতানা তিন সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করেছেন। বাসস
ইত্তেফাক/এএসএমইউ