বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
প্রভাষক পদে সনদধারী রংপুরের মো. ফারুক হোসাইনসহ ১৫৬ জন এই রিট আবেদন করেন।
রিটে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং বাংলাদেশ সরকারের পক্ষে শিক্ষা সচিবকে বিবাদী করা হয়েছে।
রুলে- সনদধারী দরখাস্তকারীদের বেসরকারি স্কুল-কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ প্রদান না করার ক্ষেত্রে বিবাদীদের ব্যর্থতা এবং সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দরখাস্তকারীদের নিয়োগ প্রদানের জন্য বিবাদীদের কেন নির্দেশ দেয়া হবে না- মর্মে চার সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
রিট আবেদনকারীদের পক্ষে মামলাটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বাকী মো. মূর্তজা।
তিনি জানান, রিট আবেদনকারীদের নিয়োগ প্রদান না করা তাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী হওয়ায় হাইকোর্ট এই রুল জারি করেন।